মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ৫৬০ জনের পদায়নে বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি তথ্য যাচাই (ভেরিফিকেশন) শেষ না হওয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি কোটায় নিয়োগ পাওয়া ৫৬০ জনের পদায়নে বিলম্ব হচ্ছে। তবে একই সঙ্গে মেধাতালিকা থেকে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের তথ্য যাচাই ছাড়াই পদায়ন করা হয়েছে।নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নকারী প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা বলেছেন, স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই পদায়নের আগে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের তথ্য ভালো করে যাচাই করা হচ্ছে। বর্তমানে পুলিশি যাচাই চলছে। এই যাচাই শেষে তাঁদের পদায়ন করা হবে। কর্মকর্তারা আরও জানান, এই কোটার নিয়মানুযায়ী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার সন্তানেরা এই সুবিধা পাবেন। কিন্তু নিয়োগ পাওয়া একজন নারীর তথ্য যাচাইয়ে দেখা গেছে, তিনি শ্বশুরের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করেছেন। তাঁকে বাদ দেওয়া হবে। এসব এড়াতে তথ্য ভালো করে যাচাই করা হচ্ছে। কারণ পদায়ন হয়ে গেলে বাদ দেওয়া জটিল।মাউশির সূত্র জানায়, মেধাতালিকা থেকে নিয়োগ পাওয়া ও পদায়ন হওয়া সহকারী শিক্ষকদের তথ্যের পুলিশি যাচাই পরে করা হবে।মাউশি জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় পালার জন্য গত বছর এক হাজার ৯৬৮ জন সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষার তারিখ ছিল গত বছর ৯ জুলাই। কিন্তু আগের দিন রংপুরে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে চলতি বছরের ৭ জানুয়ারি লিখিত পরীক্ষা হয়। ৩০ জানুয়ারি ফল প্রকাশিত হয়। মৌখিক পরীক্ষা শেষে জুলাইয়ে চূড়ান্ত ফল প্রকাশিত হয় এবং এক হাজার ৯৩৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে মেধাতালিকায় রয়েছেন এক হাজার ৩৭৭ জন। দ্বিতীয় পালা চালু করা ৮২টি বিদ্যালয়ে ১২ সেপ্টেম্বর তাঁদের পদায়ন করা হয়। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ৫৬০ জনের পদায়ন এখনো হয়নি।মাউশি আরও জানায়, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলা বিষয়ে ৯৮, ইংরেজিতে ৯৮, গণিতে ৭৪, সামাজিক বিজ্ঞানে ৭৪, ভৌত বিজ্ঞানে ৪৯, জীববিজ্ঞানে ৪৯, ব্যবসায়িক শিক্ষায় ২৫, ভূগোলে ২৫, চারুকলায় ১০, শারীরিক শিক্ষায় নয় এবং ইসলামিয়াতে ৪৯ জন শিক্ষক রয়েছেন।মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া কয়েকজন বলেন, একই সময় নিয়োগ পেয়েও এখনো পদায়ন না হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়ছেন।জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিয়োগসংক্রান্ত কমিটির সুপারিশ ছিল মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের তথ্য পুলিশি যাচাই করে পদায়ন করার। তাই তথ্য যাচাই করা হচ্ছে। যাচাইয়ের প্রায় ৪০ শতাংশ প্রতিবেদন চলে এসেছে। সবার প্রতিবেদন আসার পর তাঁদের পদায়ন করা হবে। আশা করছি, এ মাসের মধ্যে প্রতিবেদন পেয়ে যাব।’ মাউশির আরেক কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের ঈদের আগে পদায়নের সম্ভাবনা নেই।