মুক্তিযোদ্ধা ক্লাবের নামে জুয়া, সর্বস্বান্ত মানুষ
গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের হাউজি ও জুয়া ব্যবসা বন্ধ হয়নি। গত বছর থেকে চালু হওয়া এ ব্যবসা এখনো চলছে। জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসন একাধিক বার জুয়া ও হাউজির আসর ভেঙে দিলেও কয়েক দিন বন্ধ থাকার পর আবার আসর বসে।
ওই হাউজি ও জুয়া ব্যবসার আয়োজক বোর্ডবাজার এলাকার মুক্তিযোদ্ধা দাবিদার মো. জসিম উদ্দিন। তিনি জানান, হাইকোর্ট থেকে অনুমতি এনে হাউজি ও জুয়ার ব্যবসা করছেন।
জসিমের জুয়া-বাণিজ্য নিয়ে গত বছরের ২৪ নভেম্বর প্রথম আলোতে ‘গাজীপুরে মুক্তিযোদ্ধা ক্লাবের নামে জুয়ার আসর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে জসিমের হাউজি ও জুয়ার আসরে লোকজন আসতে শুরু করেন। রাত সাড়ে আটটার মধ্যে এক থেকে দেড় হাজার লোকের সমাগম হয় সেখানে। প্রতি রাতে হাউজি ও জুয়ার আসরে লেনদেন হয় ২৫ থেকে ৩০ লাখ টাকা, যার বেশির ভাগই যায় জুয়াড়িদের পকেটে। আর সর্বস্বান্ত হয়ে শূন্য হাতে বাড়ি ফেরেন অংশগ্রহণকারীরা।
সম্প্রতি এক রাতে সরেজমিনে দেখা যায়, বোর্ডবাজারের এক ব্যবসায়ী এক লাখ ২০ হাজার টাকা নিয়ে ‘ওয়ান টেন’ খেলা শুরু করেন। রাত নয়টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি পুরো টাকা হেরে শূন্য হাতে বাড়ি ফেরেন। টঙ্গীর আরিচপুরের এক ব্যবসায়ী সাড়ে তিন লাখ টাকা নিয়ে জুয়া খেলতে আসেন। রাতভর জুয়া খেলে প্রায় সব টাকা হারেন তিনি।
বোর্ডবাজারের কারখানা শ্রমিক মতিউর রহমান রাতে ঘুরতে যান হাউজি ও জুয়ার আসরে। জুয়া খেলা দেখতে গিয়ে আসক্ত হয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা খেলে হারজিতের একপর্যায়ে তাঁর এক হাজার ২০০ টাকা লাভ হয়। কিন্তু শেষ পর্যন্ত ওই টাকাসহ নিজের পকেটের সব টাকাও হারেন।
রাত সাড়ে ১১টার দিকে জয়দেবপুর থানার এক উপপরিদর্শক (এসআই) আসেন ওই আসরে। কিছু সময় ঘুরে ঢোকেন জুয়ার আসরে। সেখান থেকে যান আসরের কার্যালয়ে। কিছু সময় অপেক্ষা করে বেরিয়ে চলে যান।
স্থানীয় বাসিন্দা ও জসিমের ঘনিষ্ঠ লোকজন অভিযোগ করে বলেন, প্রতি রাতেই জয়দেবপুর থানা ও টঙ্গী থানার পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা জুয়ার আসর থেকে মোটা অঙ্কের টাকা পান। এ কারণে জুয়া ও হাউজির বিরুদ্ধে তাঁরা কোনো ব্যবস্থা নেন না।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, হাউজি ও জুয়ার আসর থেকে কোনো পুলিশ সদস্য টাকা আনেন কি না, তা তাঁর জানা নেই। তবে এর আগে কয়েক বার অভিযান চালিয়ে হাউজি ও জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে সম্প্রতি মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের পরিচালক মো. জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন ধরেননি।
জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) সাজিদ আনোয়ার প্রথম আলোকে বলেন, জুয়া পরিচালনাকারীরা হাইকোর্ট থেকে একটি আদেশ এনেছেন। সেখানে কয়েকটি জুয়া খেলার নাম দিয়ে বলা হয়েছে, পুলিশ প্রশাসন সেখানে কোনো অবস্থায় হয়রানি করতে পারবে না।
অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, জেলা প্রশাসন চাইলে সাময়িক ব্যবস্থা নেওয়া যায়। তবে আদালত তাঁদের রায় বাতিল করলে জুয়া-হাউজি কোনো অবস্থাতেই চলতে দেওয়া হবে না।