মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৬১ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৯ থেকে বাড়িয়ে ৬১ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য এইচ এন আশিকুর রহমান বৈঠক শেষে প্রথম আলোকে জানান, সাধারণ চাকরিজীবীদের চাকরি থেকে অবসরের বয়সসীমা সম্প্রতি ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের আগে থেকেই অবসরের বয়সসীমা ৫৯ বছর ছিল। তাই বর্তমান প্রেক্ষাপটে তাঁদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে অবসরের বয়সসীমা ৬১ বছর করার সুপারিশ করা হয়েছে। আশিকুর রহমান আরও জানান, গতকাল (৯ জানুয়ারি) প্রথম আলোতে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ফেল করেও চাকরি পেলেন ১৪৪ জন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কমিটি প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন সংসদীয় কমিটিতে পাঠানোর জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর ৬০ এবং মৌখিক পরীক্ষার নম্বর ৪০ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বৈঠকে মন্ত্রণালয়ের ভেতরে ও বিভাগে চাকরিরত সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরদের সঙ্গে বাইরে চাকরিরত সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরদের বেতনবৈষম্য দূর করার সুপারিশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুস শহীদ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা, এম এ মান্নান ও জাহানারা বেগম অংশ নেন। অবসরের বয়স নিয়ে রুল: সরকারি চাকরিজীবীদের সঙ্গে সমানুপাতিক হারে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স না বাড়ানো কেন বেআইনি হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আইনসচিব, জনপ্রশাসনসচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জামালউদ্দিন শিকদার গত রোববার হাইকোর্টে এ রিট আবেদনটি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।