মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হত্যা মামলার বিচার শুরু ১৭ এপ্রিল
বরিশালে বখাটের হামলায় নিহত মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. জিন্নাত আলী হত্যা মামলার বিচার শুরুর জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালত গত বৃহস্পতিবার এই দিন ধার্য করেন। বিচারকাজের প্রথম দুই দিনে মোট ১০ সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক এ কে এম সলিমউল্লাহ। সংশ্লিষ্ট দুই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।আদালত সূত্র জানায়, কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদকারী মো. জিন্নাত আলী গত বছরের ২৫ নভেম্বর সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য পরদিন ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে রূপম চন্দ্র দে ও আরিফুল ইসলাম নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দুজনকে আসামি করে মামলা করা হয়। পুলিশি তদন্তে আরিফুল ইসলামের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং মনোয়ার হোসেন নামে অপর এক যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পুলিশের দাখিল করা অভিযোগপত্রের ভিত্তিতে রূপম ও মনোয়ারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।