মুক্তিযোদ্ধা জিন্নাত হত্যা মামলায় একজনের ফাঁসি
বরিশালে মুক্তিযোদ্ধা স্কুলশিক্ষক জিন্নাত আলী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার বেলা আড়াইটায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম সলিমউল্লাহ ওই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম রূপম চন্দ্র দে (২২)। তিনি বাজার রোড এলাকার কৃষ্ণ চন্দ্র দের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মনোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত বছরের ২৫ নভেম্বর রাত সাড়ে আটটায় নগরের রূপাতলী এলাকায় জিন্নাত আলীকে বখাটে রূপম চন্দ্র দে ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে। ওই রাতেই তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিন ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় জিন্নাত আলীর স্ত্রী শিরিন আক্তার মামলা করেন। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ তদন্ত শেষে গত বছরের ২৭ ডিসেম্বর রূপম চন্দ্র দে ও মনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ১৭ এপ্রিল ওই মামলার বিচারকাজ শুরু হয়। বুধবার আদালতের বিচারক ফাঁসিতে ঝুলিয়ে রূপম চন্দ্র দের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। জিন্নাত আলীর স্ত্রী শিরিন আক্তার বলেন, ‘আমি রায়ে সন্তুষ্ট। এখন দ্রুত আসামির ফাঁসির রায় কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছি।’গত বছর নগরের এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মুক্তিযোদ্ধা জিন্নাত আলী বখাটের হাতে নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করে মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন শুরু করে। এ নিয়ে ওই সময় প্রথম আলোতে বেশ কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছিল।