মুক্তিযোদ্ধা তালিকা থেকে ৬৯ জনের নাম স্থগিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে মুক্তিযোদ্ধা তালিকা থেকে ৬৯ জনের নাম স্থগিত করাসংক্রান্ত একটি চিঠি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শ্যামা পদ দের নাম ব্যবহার করা ওই চিঠিতে স্থগিতের তালিকায় আছে ভৈরবের একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ সিপাহী আমির হোসেনের (বীরপ্রতীক) নাম। আছে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত কমান্ডার (অব.) আবদুর রউফ ও শহীদ আশুরঞ্জন দেবের নামও।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শ্যামা পদ দে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই-বাছাইয়ের জন্য ওই চিঠি দেওয়া হয়েছে। ভৈরবে মুক্তিযোদ্ধা তালিকা থেকে ৬৯ জনের নাম স্থগিত করার কোনো বিষয় নেই। তবে ভুলবশত ‘স্থগিত’ সিলটি ওই চিঠিতে দেওয়া হয়েছে। অতি দ্রুত বিষয়টি সংশোধন করা হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভৈরবের ৬৯ জন মুক্তিযোদ্ধার নাম স্থগিত করাসংবলিত একটি চিঠি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের নাম ব্যবহার করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর পোস্ট করা হয় ১ মার্চ। জেলা প্রশাসক এস এম আলম চিঠিটি ভৈরবের ইউএনও জেসমিন আক্তারের কাছে পাঠিয়ে দেন ১৯ মার্চ। এরপর তালিকা থেকে নাম স্থগিতের তথ্য জানিয়ে উপজেলা প্রশাসন ওই মুক্তিযোদ্ধাদের কাছে নতুন করে তথ্য ছক পূরণের আহ্বান জানান।
চিঠিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের নাম থাকলেও স্বাক্ষর নেই। এমনকি নেই স্থগিতের কারণও। ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘একটি খামে চারটি চিঠি ছিল। স্থগিতের চিঠিতে স্বাক্ষর না থাকলেও তিনটি চিঠিতে মহাপরিচালকের স্বাক্ষর আছে। স্মারক নম্বরও আছে। প্রতিটি চিঠির বিপরীতে করণীয় সম্পর্কে নির্দেশনা এবং কত তারিখে সভা করতে হবে তাও বলা আছে।’
এদিকে চিঠি পাওয়ার পর করণীয় নিয়ে একাধিক সভা করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। এর সংশোধন চেয়ে মহাপরিচালক বরাবর ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘স্থগিতের তালিকার ভুয়া মুক্তিযোদ্ধাও আছে, তবে বেশির ভাগই প্রকৃত মুক্তিযোদ্ধা। এই কারণে ৬ এপ্রিল প্রমাণপত্র সংযুক্ত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডিজি বরাবর ৪৯ জনের নাম বহাল রাখার আবেদন করেছি।’