মুক্তিযোদ্ধা তালিকায় রাজাকারের নাম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের এক রাজাকারের নাম মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার ফরিদপুরের ছয়জন মুক্তিযোদ্ধা এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে এ অভিযোগ এনে ওই রাজাকারের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকার মৃত আবদুল হামিদ খানের ছেলে কামরুজ্জামান খান ওরফে জাসু শহরের একজন চিহ্নিত রাজাকার। মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর দোসর হিসেবে তিনি ২২ এপ্রিল গোয়ালচামট এলাকার নিত্যানন্দ কবিরাজের বাড়িতে লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা আবু ইউসুফ ও তাঁর মামাতো ভাই বেলায়েত হোসেনকে হানাদার বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিলেন। বিবৃতিতে তাঁরা বলেন, ‘গত ২৭ নভেম্বর প্রকাশিত গেজেটে কামরুজ্জামান খানের নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত (গেজেট নম্বর-৬৪৭৮) হওয়ায় আমরা বিসিঞ্চত এবং ক্ষুব্ধ।’
বিবৃতিতে স্বাক্ষর করেন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, আবু ইউসুফ, সরোয়ার হোসেন, আবদুল আহাদ তালুকদার, সৈয়দ হাফিজুল হক ও আলাউদ্দিন আহমদ।
জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদ্য সাবেক কমান্ডার নূর মোহামঞ্চদ বলেন, ‘কামরুজ্জামান খান মুক্তিযুদ্ধের সময় লুটপাটসহ মুক্তিযুদ্ধবিরোধী কাজ করেছেন। তাঁর নাম কীভাবে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হলো তা আমার বোধগম্য নয়।’ কামরুজ্জামান খান বর্তমানে বিদেশে আছেন। তাঁর পরিবারের কোনো সদস্য এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।