মুক্তিযোদ্ধা দিবস পালনের সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় স্থায়ী কমিটির অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অসন্তোষ প্রকাশ করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে সংসদীয় কমিটির বৈঠকে প্রতিবছর ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালন করার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এই সুপারিশ বাস্তবায়ন করতে বলেছিল কমিটি। তখন মন্ত্রণালয় বলেছিল, এই বিষয়টি মন্ত্রিসভায় তোলা হবে। বুধবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছিল। তাতে মন্ত্রণালয় বলেছে, ‘এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি’। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে যেসব সুবিধা দেওয়া হয় সেগুলো নিয়ে একটি বুকলেট প্রকাশ করার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। এ বিষয়েও কোনো অগ্রগতি হয়নি। এই দুটি সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় বৈঠকে অসন্তোষ জানায় কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাহাজান খান সাংবাদিকদের বলেন, কমিটি অনেক আগে এই সুপারিশ করেছিল। অথচ মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি। এটা নিয়ে কোনো কাজ করেনি। আরেকটি বৈঠকে কমিটি মুক্তিযোদ্ধাদের কী কী সুবিধা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, সেটা একটা বুকলেট করে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করার সুপারিশ করেছিল। এ বিষয়েও মন্ত্রণালয় বলেছে, কোনো তথ্য পাওয়া যায়নি। এজন্য কমিটি অসন্তোষ প্রকাশ করে।

শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম এবং ওয়ারেসাত হোসেন বৈঠকে অংশ নেন।