মুক্তিযোদ্ধা না হয়েও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ঊর্ধ্বতন এক কর্মকর্তা অবসরে যাওয়ার পর আবার বর্ধিত দুই বছর মেয়াদে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। আরও তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এই সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।রাকাব সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ২০০৯ সালের ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অবসরের সময়সীমা দুই বছর বৃদ্ধি করেছে। এদিকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ঠেকাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গত বছরের ৭ নভেম্বর একটি পরিপত্র জারি করা হয়। এতে যেসব মুক্তিযোদ্ধা বর্ধিত দুই বছর চাকরির সুযোগ পাবেন, তাঁদের চিহ্নিত করার জন্য চারটি মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই চারটি মানদণ্ড হলো: চাকরিতে ঢোকার সময় নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা, মুক্তিবার্তায় নাম ছাপা, গেজেটে নাম প্রকাশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদপত্র। যাঁদের নাম এই চার তালিকার যেকোনো একটিতে অন্তর্ভুক্ত হয়নি, তাঁরা এ সুযোগ পাবেন না। কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে উল্টো চার মাস পর ১৩ ফেব্রুয়ারি বিষয়টি স্পষ্টকরণের জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।এদিকে রাকাবের ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাওয়ার জন্য নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে তালিকায় নাম তুলেছেন। কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাকাব-প্রাতিষ্ঠানিক কমান্ডের কমান্ডার সোলায়মান হোসেন জানিয়েছেন, এঁদের মধ্যে ৩৮ জনই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা চার মানদণ্ডের শর্ত পূরণ করেননি।জানা গেছে, রাকাবের সহকারী মহাব্যবস্থাপক মোজাম্মেল হক এই চার মানদণ্ডের একটিও শর্ত পূরণ না করে মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধা ভোগ করছেন। তিনি ২০০৯ সালের ৩০ ডিসেম্বর অবসরের প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। পরে তাঁকে নতুন করে আবার অতিরিক্ত দুই বছর চাকরির সুবিধা দেওয়া হয়।এ ব্যাপারে মোজাম্মেল হক বলেন, ‘আমি বর্ধিত মেয়াদে মুক্তিযোদ্ধা হিসেবে চাকরি করছি। নতুন গেজেটে (৩ মে ২০১০) আমার নাম উঠেছে।’ তবে নির্ধারিত চার মানদণ্ডের শর্ত তিনি পূরণ করতে পারেননি বলে স্বীকার করেন।ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবদুল খালেক খান পদোন্নতির জন্য মহাব্যবস্থাপক প্যানেলভুক্ত হওয়ার পরীক্ষা দিয়েছেন। তিনি ২০১৩ সালের ৩০ আগস্ট অবসরে যাবেন। তাঁর নামও মুক্তিযোদ্ধা হিসেবে বর্ধিত চাকরির সুবিধার তালিকায় দেওয়া হয়েছে। খালেক খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। গত বছরের ১৪ অক্টোবর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে (ক্রমিক নম্বর-১) আবদুল খালেক খানের নাম প্রকাশিত হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা তা দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুজানগর উপজেলা কমান্ডের কমান্ডার আবদুল মজিদ সরদার গত ২৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এতে বলা হয়েছে, আবদুল খালেক খান কখনো মুক্তিযুদ্ধ করেননি।এ ব্যাপারে খালেক খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সবকিছু আমাদের বাড়িতেই হয়েছে।’ নিজে যুদ্ধ করেছেন কি না, এ ব্যাপারে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।একইভাবে গত ১১ আগস্ট নতুন গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করে এই সুবিধা ভোগের অপেক্ষায় রয়েছেন সহকারী মহাব্যবস্থাপক শেখ আবদুল কুদ্দুস (এলপিআরে যাবেন চলতি বছরের ২৮ জুন) ও উপমহাব্যবস্থাপক এম ইউ আনোয়ার। তিনি ২০০৯ সালের ১২ ডিসেম্বর এলপিআরে গেছেন। তাঁকেও বর্ধিত মেয়াদের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।এ ব্যাপারে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, ‘চার মানদণ্ডের শর্ত পূরণ না করলেও মন্ত্রণালয় ইতিমধ্যে যাঁদের বর্ধিত চাকরি অনুমোদন করেছে, তাঁদের ব্যাপারে কী করতে হবে, তা এই প্রজ্ঞাপনে পরিষ্কার কিছু বলা নেই। এটা জানার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আর অন্য যাঁরা তালিকায় রয়েছেন, তাঁদের ব্যাপারে খোঁজখবর নেব। যদি তাঁরা শর্ত পূরণ না করেন, তাহলে বাদ দেওয়ার ব্যবস্থা করব।’