মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর জরিমানার এই টাকা নিহতের পরিবারকে দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার এক আসামি মোহর আলী মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নূর মোহাম্মদ আলী, আহাম্মদ আলী, দিল মোহাম্মদ দিলা, আবদুল কাইয়ুম, আবদুল মালেক, সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। তাঁরা নূর হোসেনের চাচার পরিবারের সদস্য।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া এলাকায় নূর হোসেনের বাড়ি। ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্ত আসামিরা মুক্তিযোদ্ধা নূর হোসেনকে মাগরিবের নামাজের পর তাঁর নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাঁকে ডাকার কারণ জানতে চাইলে তাঁরা পরিবারের লোকজনকে বলেন, তাঁদের একটি বেবিট্যাক্সি চুরি হয়েছে এবং মৌচাক এলাকায় চোর ধরা পড়েছে। এ ব্যাপারে সালিস করতে তাঁরা নূর হোসেনকে নিয়ে যাচ্ছেন। পরে নূর হোসেনকে মৃত অবস্থায় তাঁরা বাড়িতে নিয়ে আসেন এবং তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করেন। পরবর্তী সময়ে আসামিদের আচরণে সন্দেহ হলে ২৬ দিন পরে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে নূর হোসেনের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়।

এরপর নূর হোসেনের বাবা বুরজক আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত বাদীপক্ষের ২৬ জন এবং আসামিপক্ষের সাতজন সাক্ষ্য দেন।

মামলার রায়ে নূর হোসেনের স্ত্রী আয়েশা হোসেন ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম সন্তুষ্টি প্রকাশ করে মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাঁরা জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রইসউদ্দিন বলেন, ‘এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব। আমার অভিজ্ঞতা থেকে বলছি, উচ্চ আদালতে গেলে আমরা ন্যায়বিচার পাব। এই মামলায় ঘটনাস্থল এবং সুরতহাল রিপোর্ট সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’