মুক্তিযোদ্ধা পরিবারের ১৫ নারীর ভাতা বন্ধ করে দিল প্রশিকা
হবিগঞ্জে মুক্তিযোদ্ধা ১৫টি পরিবারের ১৫ জন নারীকে তিন কিস্তি সমঞ্চানী ভাতা দিয়েই তা বন্ধ করে দিয়েছে মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকা। তিন মাস পর পর দুই বছর পর্যন্ত এ ভাতা দেওয়ার কথা ছিল। প্রশিকা ও চেতনায় ৭১ হবিগঞ্জ সূত্রে জানা গেছে, স্বাধীনতাযুদ্ধে ক্ষতিগ্রস্ত জেলার অসহায় শহীদ পরিবার, বীরাঙ্গনা ও যুদ্ধাহত পরিবারের ১৫ নারী সদস্যকে সাহায্যের উদ্দেশ্যে চেতনায় ৭১, হবিগঞ্জের পক্ষ থেকে প্রশিকার কাছে আবেদন করা হয়। ২০১০ সালে এ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশিকা জনপ্রতি তিন হাজার টাকা করে ১৫ জন নারীকে তিন মাস অন্তর আট কিস্তি ভাতা দিতে সমঞ্চত হয়। ঢাকায় জাতীয় জাদুঘরে ২০১০ সালের ১৯ ডিসেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নারীদের হাতে ভাতার প্রথম কিস্তির টাকা তুলে দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিও যথাসময়ে দেওয়া হয়। এরপর কোনো ঘোষণা ছাড়াই ভাতা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। চেতনায় ৭১, হবিগঞ্জের পক্ষ থেকে এ বিষয়ে প্রশিকার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিন কিস্তি ভাতা পাওয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাখালকান্দি গ্রামের শহীদ ঠাকুর চন্দ্র দাশের স্ত্রী সুনতি বালা দাশ বলেন, ‘প্রশিকার ভাতাটা ছিল আমার জীবনে পাওয়া প্রথম কোনো সাহায্য। স্বামী শহীদ হওয়ার পর সরকারও কোনো সাহায্য দেয়নি। ভাতাটা পাওয়ায় কোনোমতে খেয়েপরে ছিলাম। এখন নিজেকে খুব অসহায় লাগছে।’ বীর নারী সুচিত্রা রানী দাশের মেয়ে নিভা রানী দাশ বলেন, ‘তিন মাস পর অপেক্ষা থাকতাম, কবে ডাক আসবে এ টাকা নেওয়ার জন্য। নয় মাস ধরে এ টাকা না পাওয়ায় এখন অন্যের কাছে হাত পাততে হচ্ছে।’ চেতনায় ৭১, হবিগঞ্জের সদস্যসচিব কেয়া চৌধুরী জানান, তিনি প্রশিকা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় রদবদল হয়েছে। এখন যাঁরা দায়িত্বে আছেন তাঁরা ভাতা দিতে আগ্রহী নন। সদস্যসচিব আরও বলেন, যাঁদের ভাতার জন্য নির্বাচিত করা হয়েছিল, তাঁরা সবাই হতদরিদ্র নারী। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রশিকার প্রধান নির্বাহী কাজী খাজে আলম কোনো কথা বলতে রাজি হননি।