মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে গতকাল মঙ্গলবার কম্বল বিতরণ করেছে পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। একই দিন মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র ও আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাটে জ্যাকেট বিতরণ করা হয়েছে।

নীলফামারী সদর উপজেলার কচুকাটা গ্রামে অবস্থিত পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে দুপুর ১২টার দিকে ১৫০ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন তাদের হাতে ওই কম্বল তুলে দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক রোকনউল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিউলি বেগম প্রমুখ।

দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সুলতানা বুলবুল। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা কমান্ডার সিদ্দিক গজনবী। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার মো. সাইদুর রহমান। বক্তব্য দেন সমিতির সেক্রেটারি ফজলুর রহমান, সহসভাপতি আলী আহমেদ, কোষাধ্যক্ষ মদন মহন চক্রবর্তী, প্রচার সম্পাদক আবদুল লতিফ, নির্বাহী সদস্য মঞ্জুরুল হোসেন শাহ, সুলেখা বেগম, আলেয়া চৌধুরী, ভিনসেন মারান্ডি, উপদেষ্টা ফিরোজ সাহিদী প্রমুখ। অনুষ্ঠানে ৩০০ অসচ্ছল মুক্তিযোদ্ধার হাতে কম্বল তুলে দেওয়া হয়।

আরডিআরএসের লালমনিরহাট জেলা ইউনিট কার্যালয় চত্বরে ২২০ জন ব্যক্তির মাঝে জ্যাকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসিরউদ্দিন। আরও উপস্থিত ছিলেন আরডিআরএস লালমনিরহাটের কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) মাঈদুল ইসলাম, সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) নজরুল ইসলাম প্রমুখ।

 (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দিনাজপুর অফিস, নীলফামারী ও লালমনিরহাট প্রতিনিধি)