মুক্তিযোদ্ধা বানাতে সাংসদের স্বাক্ষর জাল করায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর স্বাক্ষর জাল করে সনদ ও সুপারিশপত্র তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদী হয়ে শুক্রবার আগৈলঝাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৭ মে আগৈলঝাড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলোয় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বাছাই অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওই সভায় উপজেলার সুজনকাঠি গ্রামের আবদুল খালেক তালুকদারের ছেলে হিজলা উপজেলা খাদ্য পরিদর্শক আনিসুজ্জামান তালুকদার ওরফে লেলিন তাঁর খালাতো ভাই চেঙ্গুটিয়া গ্রামের মৃত মোক্তার হোসেন তালুকদারের ছেলে শহীদ তালুকদার, পশ্চিম গোয়াইল গ্রামের মৃত ইয়াসিন শিকদারের ছেলে সেকেন্দার আলী শিকদার এবং খালা নাঠৈ গ্রামের মৃত ইসমাইল সরদারের মেয়ে মমতাজ বেগমকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করতে সনদ, সুপারিশপত্রসহ যাবতীয় কাগজ জমা দেন। কিন্তু কমিটি কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সেগুলো জাল বলে শনাক্ত করে।
কমিটির সদস্য আবদুর রইস সেরনিয়াবাত ও মো. লিয়াকত আলী হাওলাদার বলেন, প্রতারক আনিসুজ্জামান তালুকদার আগৈলঝাড়া উপজেলা যাচাই-বাছাই কমিটির কাছে সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ স্বাক্ষর জাল করে তৈরি সনদ ও সুপারিশপত্র জমা দেন। জমা দেওয়া সনদ, সুপারিশপত্রসহ কাগজপত্র সবই জাল। সাংসদ আবুল হাসানাত নিজেই তাঁর স্বাক্ষর জাল বলে শনাক্ত করেন।
স্বাক্ষর জাল করে তৈরি সনদ ও সুপারিশপত্র ধরা পড়ার বিষয়টি টের পেয়ে যাচাই-বাছাই কমিটির সভা থেকে প্রতারক আনিসুজ্জামান তালুকদারসহ তালিকাভুক্ত হতে আসা শহীদ তালুকদার, সেকেন্দার আলী শিকদার ও নাঠৈ গ্রামের মমতাজ বেগম পালিয়ে যান।
এ সময় আবুল হাসানাত আবদুল্লাহ আগৈলঝাড়ার ইউএনও ও যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব গাজী তারিক সালমানকে জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
এ ঘটনায় গাজী তারিক সালমান বাদী হয়ে গত শুক্রবার আগৈলঝাড়া থানায় উপজেলার সুজনকাঠি গ্রামের আনিসুজ্জামান তালুকদার, শহীদ তালুকদার, সেকেন্দার আলী শিকদার ও মমতাজ বেগমকে আসামি করে একটি মামলা করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শহীদ তালুকদার, মমতাজ বেগম ও সেকেন্দার আলী বলেন, ‘আমরা কিছুই জানি না, আনিসুজ্জামান তালুকদার আমাদের মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়ার জন্য বললে আমরা এখানে হাজির হই।’
অভিযোগ সম্পর্কে জানতে আনিসুজ্জামান তালুকদার মুঠোফোনে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, আনিসুজ্জামান তালুকদার সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও একটি জালিয়াতি চক্র গড়ে তুলে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।