মুক্তিযোদ্ধা ভাতা তুলতে গিয়ে ধাওয়া খেলেন এক রাজাকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল মুক্তিযোদ্ধা ভাতা তুলতে এসে মুক্তিযোদ্ধাদের ধাওয়া খেয়ে পালিয়েছেন আবুল হোসেন নামের এক ব্যক্তি। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, আবুল হোসেন ওই এলাকার চিহ্নিত রাজাকার।জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধাদের তিন মাসের সম্মানী ভাতাবাবদ গতকাল ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের নবীনগর শাখার মাধ্যমে নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁদের এ ভাতা দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে উপজেলার বীরগাঁও গ্রামের আবুল হোসেন (৬০) সেখানে গিয়ে ভাতার বই দেখিয়ে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে টাকা উত্তোলন করেন। এ সময় সেখানে উপস্থিত বীরগাঁও এলাকার মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম, মোহাম্মদ আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা ‘রাজাকার ধর ধর’ বলে আবুল হোসেনকে ধাওয়া করলে তিনি ভাতার বই ফেলে দৌড়ে পালিয়ে যান। মুক্তিযোদ্ধারা বইটি মুক্তিযোদ্ধা সংসদের থানা কমান্ডার সামছুল আলমের কাছে জমা দেন। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি সামছুল ইসলামকে অবহিত করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।সংসদের কমান্ডার সামছুল আলম বলেন, ‘আবুল হোসেন চিহ্নিত রাজাকার, এটি আমরা বহু আগে থেকে জানি। কিন্তু তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে তিন বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা তুলছেন।’বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘এলাকার প্রত্যেক লোক জানে, আবুল হোসেন একজন রাজাকার। তাঁকে ভাতা না দেওয়ার জন্য গত বছর আমি নিজে উপজেলা পরিষদকে অনুরোধ করেছিলাম।’এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ইউএনও সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেব।’ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ ও যুদ্ধকালীন কমান্ডার শাহ জিকরুল আহমেদ গতকাল সন্ধ্যায় টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আবুল হোসেন যে একজন রাজাকার, তা আমার চেয়ে কেউ বেশি জানার কথা নয়। এই রাজাকার তিন বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তা আমার জানা ছিল না। তাঁর বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’