মুক্তিযোদ্ধা মেঘনাদের সংসার চলে পাহাড়ি কাঠ কেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা মেঘনাদ দে (৭০)। স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও সরকারিভাবে এখনো তালিকাভুক্ত হতে পারেননি। আক্ষেপ করে বলেন, ‘দেশের জন্য যুদ্ধ করেছি কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারিনি।’তাঁর ভাগ্যে এখনো জোটেনি কোনো সরকারি ভাতা। তিনি জানান, সরকারি তালিকাভুক্ত হওয়ার জন্য শেষ সম্বলটুকু পর্যন্ত বন্ধক রেখেছিলেন। কিন্তু পাননি ‘মুক্তিযোদ্ধা ভাতা’ নামের সেই সোনার হরিণের নাগাল। বিভিন্ন সময় ঢাকায় মুক্তিযোদ্ধা অফিসে গিয়ে তালিকাভুক্ত হওয়ার জন্য দেন-দরবারও করেছেন। অবশেষে হতাশ হয়ে দরিদ্র এ মুক্তিযোদ্ধা কাঠ কাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘কাঠ কেটে সংসার চালাই, অনাহারে দিন কাটাই, তাতে দুঃখ নেই। কিন্তু রাজাকারদের গাড়িতে যখন জাতীয় পতাকা ওড়ে তখন বড় কষ্ট পাই। বেঁচে থাকাটাই অর্থহীন মনে হয়।’মুক্তিযোদ্ধা মেঘনাদ দে ভারতের ত্রিপুরা রাজ্যের দেমাগিরি ক্যাম্পে গ্রেনেড ও রাইফেলের ওপর ট্রেনিং নেন। ট্রেনিং শেষে স্বদেশে ফিরে এসে গ্রুপ লিডার সমশু ইসলামের নেতৃত্বে রাঙামাটিতে পাকিস্তানি সেনার ক্যাম্পসংলগ্ন ব্রিজটি ধ্বংস করেন। পাগল সেজে পাকিস্তানি সেনার কাছে খাবার চেয়েছেন এবং পরবর্তী সময়ে গ্রেনেড ছুড়ে হত্যা করেছেন তাদের। স্বাধীনতার তিন দিন পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর প্রেরিত সার্টিফিকেট গ্রহণ করেন থানা কমান্ডার আবু ছালের কাছ থেকে।তিন মেয়ে, দুই ছেলে ও স্ত্রী গীতাকে নিয়ে মেঘনাদ দের পরিবার। সংসারের অভাব মেটানোর জন্য প্রতিদিন ভোরে গভীর জঙ্গলে গিয়ে সারা দিন কাঠ সংগ্রহ করে সন্ধ্যার সময় তা বাজারে নিয়ে বিক্রি করেন।স্থানীয় লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার জানান, মুক্তিযুদ্ধে মেঘনাদ দের অবদান অনস্বীকার্য। লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সচিব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব বলেন, মুক্তিযোদ্ধা মেঘনাদসহ বাদ পড়া লোহাগাড়া উপজেলার ১৩ জন মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্তকরণের জন্য ২০০৪ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।