মুক্তিযোদ্ধা যাচাই কমিটির শুনানিতে ডাকার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরে গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলন  থেকে মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ গেজেটভুক্ত ন্যাপ–কমিউনিস্ট পার্টি– ছাত্র ইউনিয়ন ও বিশেষ গেরিলা বাহিনীর সদস্যদের প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির শুনানিতে ডাকার প্রতিবাদ জানানো হয়েছে।

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শামছুল হকের বাসভবনে গতকাল বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তিনিসহ ন্যাপ–কমিউনিস্ট পার্টি–ছাত্র ইউনিয়ন ও বিশেষ গেরিলা বাহিনীর যাঁদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছে, তাঁদের শুনানিতে যেতে নোটিশ দিয়েছে লালমনিরহাট সদর উপজেলা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি। এর মাধ্যমে মুক্তিযুদ্ধে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে তিনি মনে করছেন ও অপমানিত বোধ করছেন।

সংবাদ সম্মেলনে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা শওকত হোসেন, আবদুল হামিদ, সুরেশ চন্দ্র বর্মণ, মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে গেজেটভুক্ত সব মুক্তিযোদ্ধাকেই কমিটির সামনে কাগজপত্র নিয়ে আসতে চিঠি দিয়েছি।... নির্ধারিত তারিখের শুনানিতে এসে ওনাদের যা বলার ছিল, তা বললেই ভালো হতো।’