মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধাদের একটি অংশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গা বিশ্বরোড মোড় গোল চত্বর এলাকায় আধা ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, সাবেক ডেপুটি কমান্ডার মোতালেব হোসেন, বর্তমান সহকারী কমান্ডার গোলাম মোস্তফা, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, পৌর কাউন্সিলর ওমর ফারুক প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ স্থগিতাদেশ প্রত্যাহার করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চালু করার দাবি জানান।
৪ ফেব্রুয়ারি থেকে ভাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তার আগেই সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলামের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ভাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করেন।
ভাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ বলেন, হাইকোর্ট ভাঙ্গার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করার জন্য গঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছেন।