মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হয়নি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়নি। গতকাল শনিবার থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এর আগের দিন শুক্রবার যাচাই-বাছাই কমিটির সভাপতিসহ ছয় সদস্য সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অনাস্থা জানান।
যাচাই-বাছাই কমিটি সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা ছাড়াও উপজেলাটিতে ১৪টি ইউনিয়ন রয়েছে। গতকাল মহেড়া, জামুর্কী ও ফতেপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরুর কথা ছিল। কমিটির সদস্যসচিবের প্রতি অনাস্থা জানানোর কারণে সাত সদস্যের কমিটির ছয়জনই এ কার্যক্রমে অংশ নেননি।
কমিটির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস দুর্লভ চন্দ্র বলেন, ‘ইউএনও ইসরাত সাদমীন থাকলে যাচাই-বাছাই কার্যক্রম ঠিকভাবে হবে না বলে আমরা মনে করি। এ কারণে আমরা কার্যক্রমে অংশ নিইনি। এ কার্যক্রমের জন্য কোনো মুক্তিযোদ্ধাও আসেননি।’
ইউএনও ইসরাত সাদমীন বলেন, ‘কমিটির সদস্যসচিব শুধু সাচিবিক দায়িত্ব পালন করবেন। সিদ্ধান্ত নেবে পুরো কমিটি। আমি যাচাই-বাছাই কার্যক্রমের জন্য সারা দিন অপেক্ষা করেছি। কিন্তু কমিটির অন্য কোনো সদস্য আসেননি।’
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন, যাচাই-বাছাই কার্যক্রমের সম্পূর্ণ এখতিয়ার কমিটির। আস্থা-অনাস্থার বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেখবে।