মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে মহা প্রহসন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে মহা প্রহসন চলছে বলে অভিযোগ করেছে খেতাবপ্রাপ্ত, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড। তাদের অভিযোগ, এই যাচাই-বাছাই হচ্ছে একতরফাভাবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সৃষ্ট অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিকারের দাবি’তে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির মহাসচিব আনোয়ার হোসেন পাহাড়ী (বীর প্রতীক) বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোটি কোটি টাকার ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। যাচাই-বাছাইয়ের সময় সর্বজনস্বীকৃত মুক্তিবার্তা লাল বই, প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর গেজেট ও ভারতীয় তালিকায় নাম আছে, এমন মুক্তিযোদ্ধাদেরও হয়রানি করা হচ্ছে।
আনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান করে মুক্তিযোদ্ধাদের আর্থিক সচ্ছলতা এনে দিয়েছেন। কিন্তু ২০১৬ সালে সাবেক সচিব আবদুল হান্নান প্রণীত ও স্বাক্ষরিত নীতিমালায় যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কেবল একটি ভাতা নিতে বলা হয়েছে। এতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের খেতাব ভাতা বন্ধ হয়েছে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাহমুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন, আজাদ আলী, নাজির আহমেদ চৌধুরী, মতিউর রহমান, বশীর চৌধুরী প্রমুখ।