মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিনের সন্তানকে ভ্যানগাড়ি দান
শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রমের সন্তান বজলু মিয়া এখন ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাবেন। চেতনায় ৭১ হবিগঞ্জ-এর দেওয়া ভ্যানগাড়ি উপহার পেয়ে তিনি বলেন, এখন স্টেশনে দাঁড়িয়ে আর তাঁকে ডিম বিক্রি করতে হবে না। গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার এ সন্তানকে ভ্যানগাড়িটি দেওয়া হয়। রমিজ উদ্দিনের ছেলে রেলস্টেশনে ডিম বিক্রি করে সংসার চালান—এ বিষয়ে গত ২৮ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এ সময় চেতনায় ৭১ হবিগঞ্জ অসহায় এ পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়। ভ্যানগাড়ি হস্তান্তরকালে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় দুর্জয় হবিগঞ্জ প্রাঙ্গণে। সংগঠনের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক আফরোজ বখত চৌধুরী, মুক্তিযোদ্ধা জলিকা বেগম, নিখিল ভট্টাচার্য, ইকরামুল ওয়াদুদ, আবদুজ জাহের, মুখলেছুর রহমান, জমির আলী, দেব মনা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন চেতনায় ৭১-এর সদস্যসচিব কেয়া চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনা বেগম, তারা বানুসহ তিন নারী মুক্তিযোদ্ধা। চেতনায় ৭১ হবিগঞ্জের সদস্যসচিব কেয়া চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধার এ সন্তান এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাননি। আমাদের সংগঠন সম্প্রতি সুধীরচন্দ্র দেব ফাউন্ডেশন সিলেট-এর কাছ থেকে এম এ রব (বীর উত্তম) মরণোত্তর সম্মাননা পদক ও ১০ হাজার টাকা পায়। আমরা এ টাকা শহীদ রমিজ উদ্দিনের ছেলের হাতে তুলে দিয়েছি। পাশাপাশি একটি ভ্যানগাড়ি দিয়েছি তাঁর সংসার চালানোর জন্য।’শহীদ রমিজ উদ্দিন ১৯৪৬ সালে হবিগঞ্জ সদর উপজেলার জগন্নাতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৩ নম্বর সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন আজিজুর রহমানের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং যুদ্ধকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান।