ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মচারীদের চাকরির বর্ধিত বয়স দুই বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা সনদ জমা দেবেন—এই শর্তে যাঁরা বয়স বাড়িয়েছিলেন, তাঁদের ব্যাপারে আলাদা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এঁদের দুজন ইতিমধ্যেই এক বছর অবসর (এলপিআর) কাটিয়েছেন, যা চাকরির স্বাভাবিক সময় হিসেবে ধরে নেওয়া হয়েছে।
২০১০ সালের ১৩ মে সিন্ডিকেট সভায় মুক্তিযোদ্ধা হিসেবে অবসর গ্রহণের বয়স দুই বছর বৃদ্ধির সিদ্ধান্ত হয়। পরের বছরের ৬ জুন অপর এক সভায় বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ নেওয়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।
২০১২ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গণকর্মচারীদের চাকরির মেয়াদ সাধারণ গণকর্মচারীদের চেয়ে এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান দুই বছর মেয়াদ বৃদ্ধি রাখার সিদ্ধান্ত বহাল রাখলে চলতি বছরের ৪ আগস্ট এক প্রজ্ঞাপনে সরকার বিষয়টি মনে করিয়ে দেয়।
গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় সনদ ছাড়াই পাঁচ অধ্যাপক ও এক কর্মকর্তার চাকরির বয়স দুই বছর বাড়ানো হয়। ১ জুলাই থেকে তাঁরা সুবিধা ভোগ করছিলেন। এ নিয়ে গত ২৯ আগস্ট প্রথম আলোয় ‘মুক্তিযোদ্ধা সনদ ছাড়াই মেয়াদ বাড়ল পাঁচ অধ্যাপকের’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন প্রথম আলোকে বলেন, যাঁরা মন্ত্রণালয়ে আবেদন করেছেন, তাঁদের সনদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) যাচাই-বাছাই না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আর যাঁরা এক বছরের বেশি সময় ধরে সুবিধা পাচ্ছেন, তাঁদের সুবিধা চিঠি দিয়ে বন্ধ করে দেওয়া হবে।