মুক্তিযোদ্ধা সংসদের জেলা-উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নির্বাচনের ঘোষিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সম্প্রতি হাইকোর্টের পৃথক দুটি দ্বৈত বেঞ্চ আলাদা তিনটি রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন নিয়ে এসব আদেশ দেন।জানা যায়, ১৮ এপ্রিল কমান্ড কাউন্সিলের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় (২৬ জুন)। এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঘোষিত নির্বাচনী তফসিল সংসদের গঠনতন্ত্রবিরোধী দাবি করে লালমনিরহাট জেলার মুক্তিযোদ্ধা মো. ইউসুফ ও নড়াইল জেলার মুক্তিযোদ্ধা চৌধুরী সাহাবুদ্দিন হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৬ জুন নির্ধারিত জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন স্থগিত ঘোষণা করেন। ঘোষিত তফসিল কেন অবৈধ নয়, তা জানাতে চার সপ্তাহের সময় দিয়ে রুল জারি করেন আদালত।যোগাযোগ করা হলে রিট আবেদনকারীদের আইনজীবী এ এফ এম সাইফুল করিম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, একটি রিট আদালত ১৬ মে পর্যন্ত, অন্য রিটে ২৬ জুন পর্যন্ত জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত করেছেন। ২৬ জুন নির্বাচন অনুষ্ঠান হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রুলের নিষ্পত্তি সাপক্ষে এর উত্তর পাওয়া যাবে।এ ছাড়া সংসদের নির্বাচনের জন্য কমিশন গঠন এবং নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন রিট দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল আদালত মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চার সপ্তাহের সময় দিয়ে রুল জারি করেন।