মুক্তিযোদ্ধা সংসদের নামে বিল দখলের চেষ্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের নামে সাড়ে ৪৭ একর জলমহাল অবৈধ জবরদখলের চেষ্টা রুখে দিয়েছেন এলাকাবাসী। দামুড়হুদা উপজেলার বুইচিতলা পদ্মবিলে বৃহস্পতিবার সাইনবোর্ড টাঙানোর পর শুক্রবার মাছ ছাড়তে গেলে গ্রামবাসী প্রতিরোধ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আছির উদ্দিন বলেন, ‘নজির আহমেদ ও এরশাদ আলী নামের দুই মুক্তিযোদ্ধা অন্যদের প্রভাবিত করে অবৈধ বিল দখলে নেমেছেন। আমি এ ধরনের কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করি না, ঘৃণা করি।’মুক্তিযোদ্ধা নজির আহমেদ বলেন, ‘পদ্মবিল নিয়ে মালিকানার মামলাটি ২০০৮ সালে খারিজ হয়ে গেছে। গ্রামবাসী এত দিন অবৈধভাবে মাছ চাষ করেছে। আমরা ইউএনও এবং এসি ল্যান্ডের মৌখিক অনুমতি নিয়েই এই বিল দখলে এসেছি। এখন থেকে মুক্তিযোদ্ধা সংসদ এবং বড় বলদিয়া বুইচিতলা মৎস্যজীবী সমবায় সমিতি এখানে মাছ চাষ করবে।’ পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহের ও এএসআই প্রসাদ কুমার চাকী জানান, বিল দখল করতে আসা মুক্তিযোদ্ধাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। উভয়পক্ষকে কাগজপত্রসহ ইউএনও এবং ওসির সঙ্গে দেখা করারও পরামর্শ দেওয়া হয়েছে। অবশেষে মুক্তিযোদ্ধারা মাছের পোনাসহ ট্রাক নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন জানান, পদ্মবিল দখলের জন্য মুক্তিযোদ্ধা সংসদের কারও সঙ্গে কোনো কথা হয়নি। কাউকে দখলের জন্যও বলা হয়নি। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম এহতেশামুল হক বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধার আসনে রয়েছেন। সেই আসনেই তাঁদের দেখতে চাই।’