মুক্তিযোদ্ধা সংসদের নামে রেলের জমি দখল!
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের জমি দখল করে সেখানে পাকা ভবন তৈরির কাজ করছেন স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কার্যালয় তৈরির নামে স্টেশনের সীমানাপ্রাচীর ভেঙে এর ইট দিয়ে ভবন নির্মাণ চলছে। এ ছাড়া ভবনের চারদিকে রেলওয়ের প্রায় ১০ বিঘা জমিও দখলে নিয়েছেন তাঁরা।রেলওয়ের ১০ বিঘা জমি দখল এবং দখলকৃত জমিতে ভবন নির্মাণের বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মোমিনপুর ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে পরিচয়দানকারী আশরাফুল আলম দাবি করেন, রেলওয়ের কাছ থেকে ১০ বিঘা জমি ইজারা নিয়ে সেখানে ভবন তৈরি হচ্ছে। তবে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় জানান, জমি ইজারা দেওয়ার বিষয়টি সঠিক নয়। জমির দখলদার ও ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে মোমিনপুর রেলস্টেশন এলাকায় গিয়ে জমিদখল ও দখলকৃত জমির ওপর তিন কক্ষবিশিষ্ট পাকা ভবন তৈরির কাজ চলতে দেখা গেছে। এরই মধ্যে লিংকটেল পর্যন্ত গাঁথার কাজ শেষ হয়েছে।স্টেশনের আশপাশের বাসিন্দারা জানান, ২০০৮ সালের ডিসেম্বর মাসের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আকস্মিকভাবে মুক্তিযোদ্ধা সংসদের নামে কয়েকজন মুক্তিযোদ্ধা এই ১০ বিঘা জমি দখল করে নেন। দখলের পর কিছু জমি অন্যের কাছে ইজারাও দিয়েছেন চাষাবাদের জন্য। সম্প্রতি স্টেশনের সীমানাপ্রাচীর ভাঙতে শুরু করলে সাধারণ মানুষ অবাক হয়ে তা দেখতে থাকে। এরপর সীমানাপ্রাচীরের ভাঙা ইট দিয়ে ভবন তৈরির কাজ শুরু হলে বিস্মিত হয় সাধারণ মানুষ। স্থানীয় মুক্তিযোদ্ধা আশরাফুল আলম ছাড়াও এই প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। তাঁরা হলেন খেজুরতলা গ্রামের মোয়াজ্জেম হোসেন, বোয়ালমারী গ্রামের সিরাজুল ইসলাম, আনিসুল হক ও সাকার উদ্দিন।আশরাফুল আলম দাবি করেন, মোমিনপুর ইউনিয়নে যে ২১ জন মুক্তিযোদ্ধা জীবিত আছেন, তাঁরা সবাই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত।মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘একটি সংঘবদ্ধচক্র নিজেদের স্বার্থে জমিদখল ও সীমানাপ্রাচীর ভেঙে ভবন নির্মাণ করে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করছেন। মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধারা যদি প্রকৃত অর্থেই রেলওয়ের জমি ইজারা নেন এবং অনুমতি নিয়ে সেখানে ভবন তৈরি করেন, তাহলে আমার কিছু বলার নেই।’ মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বলেন, ‘মোমিনপুর রেলস্টেশনের জায়গা দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের এসব অপতৎপরতা থেকে বিরত থাকতে বারবার অনুরোধ করেও আমি ব্যর্থ হয়েছি। এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে এবং প্রশাসনিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’