মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন আজ
‘এক মুক্তি এক ভোট’ নীতির আলোকে আজ শনিবার দেশজুড়ে একযোগে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হতে যাচ্ছে। এতে সাধারণ মুক্তিযোদ্ধারা তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। তৃণমূলের মুক্তিযোদ্ধারা এই প্রথম নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। সর্বশেষ ২০০১ সালে সংসদের প্রথম নির্বাচনে সারা দেশ থেকে শুধু মুক্তিযোদ্ধা সংসদের কাউন্সিলররা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ভোট দিয়েছিলেন। মুক্তিবার্তার তালিকা বা গেজেটে যাঁদের নাম আছে, তাঁরা সবাই নির্বাচনে ভোট দিতে পারবেন। দুই তালিকা মিলিয়ে মোট ভোটারসংখ্যা এক লাখ ৬২ হাজার ৩৫৫।পূর্ণাঙ্গ প্যানেল তিনটি: পূর্ণাঙ্গ প্যানেল তিনটি হচ্ছে সংসদের সাবেক চেয়ারম্যান আবদুুল আহাদ চৌধুরী, সাবেক আহ্বায়ক হেলাল মোর্শেদ খান ও ইসমত কাদির গামার নেতৃত্বাধীন। চেয়ারম্যান পদে আরও লড়ছেন নঈম জাহাঙ্গীর, নূরুল হুদা, ওছমান আলী খন্দকার, খালেকুজ্জামান, আবীর আহাদ, মো. আলমগীর ও ফরিদ উদ্দিন জাকির খান।