মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন একযোগে অনুষ্ঠানের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকরতা সাত দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ স্থগিতাদেশ দেন। হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালালউদ্দিন সিদ্দিকীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হাইকোর্টের রায় স্থগিতের ফলে তফসিল অনুসারে পূর্বনির্ধারিত ২৬ জুন জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না। গতকাল বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন কমিশন ২৬ জুন একযোগে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক সূত্র জানায়, হাইকোর্টের রায়ের ফলে স্থগিত হওয়া জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের কার্যক্রমে সমন্বয় করে ১০ জুন প্রতীক বরাদ্দের দিন ধার্য করে তফসিল পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে ২৬ জুন একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন করা যাবে। কেন্দ্রীয় কমান্ডের প্রার্থীদের আজ প্রতীক বরাদ্দ করার কথা। নির্বাচন কমিশন সূত্র জানায়, জেলা ও উপজেলা কমান্ডের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। তবে উচ্চ আদালতের রায়ের পর কয়েক দিন কার্যক্রম বন্ধ ছিল। এখন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকরতা স্থগিত করায় আবার কার্যক্রম শুরু হলো। প্রার্থীরা এখন আপিল করবেন। আপিল নিষ্পত্তির পর মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তারপর প্রতীক বরাদ্দ হবে। গত ১৮ এপ্রিল সংসদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনের দিন ২৬ জুন নির্ধারণ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে লালমনিরহাট জেলার মুক্তিযোদ্ধা মো. ইউসুফ ও নড়াইল জেলার মুক্তিযোদ্ধা চৌধুরী সাহাবুদ্দিন পৃথক রিট করেন। রিটের চূড়ান্ত শুনানির পর গত ২৬ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায় স্থগিতের জন্য ৩১ মে আপিল বিভাগে আবেদন করা হয়। এ আবেদনের ওপর ১ ও ২ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হয়। শুনানি শেষে গতকালই আদালত আদেশ দেন। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনের পক্ষে আবদুল মতিন খসরু, পঙ্কজ কুমার কুণ্ডু এবং রিট আবেদনকারীর পক্ষে মাসুদ রেজা সোবহান মামলা পরিচালনা করেন।