মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এপ্রিল মাসে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়েও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচন হবে। নির্বাচনী তফসিল চূড়ান্ত করতে আগামী রোববার সকাল সাড়ে নয়টায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনসংক্রান্ত নির্বাচন কমিশনের এক বৈঠক মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।কমিশনের মুখপাত্র এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হচ্ছে; যা মোটেও কাম্য নয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করা উচিত হবে না।উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো সংশয় না থাকলেও কারা ভোটার হবেন—এ নিয়ে এখনো সংশ্লিষ্টদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। জানা গেছে, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ভোটার করার মাধ্যমে নির্বাচন করার দাবি জোরালো হলেও একটি পক্ষ চাইছে যেনতেনভাবে কাউন্সিলরদের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে। এ বিষয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্যতম দায়িত্বপ্রাপ্ত শফিক আলম মেহেদী বলেন, কোনো বিতর্ক তৈরি হতে দেবেন না তাঁরা। সাধারণ মুক্তিযোদ্ধারা যাতে তাঁদের নেতা নির্বাচন করতে পারেন, সে ব্যাপারে তাঁরা পদক্ষেপ নেবেন।প্রসঙ্গত, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটির কর্মকাণ্ড নিয়ে কিছুদিন ধরেই নানা বিতর্ক চলছে। কিছুদিন আগে বিগত নির্বাচিত কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল কাশেম উচ্চ আদালতে রিট করলে আদালত ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন।