মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নিয়ে অবশেষে নড়াচড়া
মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নিয়ে অবশেষে নড়েচড়ে বসল কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন কমিশন। গতকাল বুধবার কমিশনের বৈঠকে সাত দিনের মধ্যে ভোটার তালিকার খসড়া তৈরি করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ এতে সভাপতিত্ব করেন।জানা যায়, বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান আহ্বায়ক কমিটির কর্মকাণ্ড নিয়ে গতকাল প্রথম আলোতে যে প্রতিবেদন ছাপা হয়েছে, তা সমর্থন করে বক্তব্য দেন কয়েকজন সদস্য। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সংগঠনের সাময়িক নেতৃত্বে এসে যদি কোনো বিতর্কিত কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়েন, তা সব মুক্তিযোদ্ধার জন্যই বিব্রতকর। এ পরিস্থিতি এড়াতে দ্রুত সংগঠনের নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির কাছে নেতৃত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে পরামর্শ দেন কমিশনের সদস্যরা।গত বছরের ১২ ডিসেম্বর উচ্চ আদালত এক আদেশে আগামী ৯০ দিনের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছেন। গত ৩ মার্চ সরকার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত নির্বাচন করার কথা বললেও এত দিন কার্যক্রম ঢিমেতালে চলছিল। নভেম্বরে গঠিত নির্বাচন কমিশন প্রথমবারের মতো গতকালই বৈঠকে বসল।কমিশনের সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী এসব ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আদালতের বেঁধে দেওয়া সময়ের আগেই নির্বাচন করবেন।’