মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন শেষ, ফল আজ
প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সরাসরি ভোটে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল গঠনের লক্ষ্যে গতকাল শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল আজ জানা যাবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন।সারা দেশের ৪৮১টি কেন্দ্রে একযোগে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদের জন্য ছয়টি প্যানেলে মোট ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল। চেয়ারম্যান পদে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন।প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, জেলা কমান্ডের ১৭টি পদ এবং উপজেলা কমান্ডের ১১টি পদের জন্য ভোট দিয়েছেন।চারটি ভোটকেন্দ্র দখলের অভিযোগ: আবদুল আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে চারটি ভোটকেন্দ্র দখলের অভিযোগ আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে এই প্যানেল বলেছে হেলাল মোর্শেদ-মতিন পরিষদ শরীয়তপুরের নড়িয়া, ভোলার বোরহান উদ্দিন, বরিশালের মুলাদী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভোটকেন্দ্র দখল করেছে। আহাদ চৌধুরী পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী খান মো. বেলায়েত হোসেন অভিযোগ করে বলেন, ‘এসব কেন্দ্র দখল করা হয়েছে। অন্য প্রার্থীর লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা লিখিত অভিযোগ করেছি। এসব কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছি।’তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে জানান, সারা দেশেই মুক্তিযোদ্ধারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। একটি কেন্দ্রের ভোট গ্রহণ নিয়ে টেলিফোনে অভিযোগ এসেছিল। তাঁরা ব্যবস্থা নিয়েছেন। সব জেলাতেই জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা নির্বাচন তদারকি করেছেন। তিনি জানান, আজ চূড়ান্ত ফল পাওয়া যাবে। ঢাকা মহানগরের তিন কেন্দ্র: নির্বাচনে ঢাকা মহানগরের ভোটারেরা শুধু কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও জেলা কমান্ড নির্বাচনে ভোট দিয়েছেন। মহানগরের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এগুলো হলো পুরান ঢাকার মুসলিম হাইস্কুল, শুক্রাবাদের নিউ মডেল হাইস্কুল ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।