মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেতৃত্বলোভী একটি চক্র তাঁর নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলে মন্তব্য করেছেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন এ মন্তব্য করেন। এ সময় তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকারের পাশাপাশি নিজের অতীত কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন মো. সাহাব উদ্দিন। তিনি বলেন, ‘আমার মানমর্যাদা এবং মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য আমার ত্যাগ-তিতিক্ষার ওপর কালিমা লেপনের চেষ্টা করছে একটি গোষ্ঠী। সামনে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন। নির্বাচন সামনে রেখে গোষ্ঠীটি অপতৎপরতা চালাচ্ছে।’
গত শনিবার নগরের দারুল ফজল মার্কেটে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে তালা লাগিয়ে দেন সাহাব উদ্দিনের ওপর ক্ষুদ্ধ সংসদের একটি পক্ষ। তারা সাহাব উদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান বরাদ্দে অনিয়মসহ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলে।
সাহাব উদ্দিন দাবি করেন তিনি কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত নন।