মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০১০-এর নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয়েছে। ভোটার তালিকা থেকে ভুয়া ভোটার বাদ দিয়ে সংশোধিত ভোটার তালিকার মাধ্যমে নির্বাচনের আবেদন করা হয়েছে। ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মো. মুজাহিদুল ইসলাম মামলাটি গ্রহণ করে কেন নির্বাচন স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ জারি করেছেন। আজ বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। মামলায় মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনার ও ঢাকার জেলা প্রশাসকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগর জোন-৩ (কোতোয়ালি থানা) ভোটার তালিকা অবৈধ ঘোষণার দাবিতে গত ১৭ জুন মুক্তিযোদ্ধা সৈয়দ শহিদুল হক, আজিজ উদ্দিন আহমেদ ও মো. আলী আহসান বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার আরজিতে বলা হয়, আগামী ২৬ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তৈরি ভোটার তালিকায় অসংখ্য ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা মহানগরের কোতোয়ালি জোনে ৮৬ জনকে ভোটার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনের নাম কোতোয়ালি জোনের মুক্তিযোদ্ধা তালিকার গেজেটে নেই এবং ২১ জন সরকার স্বীকৃত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাও নন। তাছাড়া ভোটার তালিকায় কয়েকজন মৃত মুক্তিযোদ্ধার নাম রয়েছে। মামলায় বলা হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত ভোটার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রকৃত মুক্তিযোদ্ধারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।মামলায় ভোটার তালিকা অবৈধ ঘোষণা এবং তা সংশোধন করে ভোট গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ২৬ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়। গত ১৭ জুন নিষেধাজ্ঞার আবেদনের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলেছেন বিচারক শেখ মো. মুজাহিদুল ইসলাম।