বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার তালোড়া মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সকালে সর্বস্তরের জনগণ কালো ব্যাচ ধারণ করে। সন্ধ্যায় সহস্রাধিক লোক হাতে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল বের করে। মিছিলটি তালোড়া পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতিসৌধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তালোড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরদার, আনোয়ারুল হক তালুকদার, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, আবু বক্কর ছিদ্দিক, তাজুল ইসলাম, আফজাল হোসেন, নূর ইসলাম, নিহতের ছেলে জুলিয়াস, ছোট ভাই মেহেরুল ইসলাম প্রমুখ।২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা ও স্বর্ণপদকপ্রাপ্ত ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী দুষ্কৃতকারীদের হাতে অপহরণের পর খুন হন। খুনের মামলায় ছয়জন গ্রেপ্তার হলেও তাঁরা এখন জামিনে আছেন।