মুক্তিযুদ্ধবিষয়ক সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
হাইকোর্ট

১৩ মুক্তিযোদ্ধার নিয়মিত ভাতা প্রদানের বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিপালন না হওয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার এ রুল দেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও পরিচালক (প্রশাসন ও অর্থ), মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব (আইন) ও উপসচিবকে (বাজেট) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছে আবেদনকারী পক্ষ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর সরকার মুক্তিযোদ্ধাদের বয়স সর্বনিম্ন ১৩ বছর নির্ধারণ করে। রাজশাহী, চাপাঁইনবাবগঞ্জ ও নওগাঁর ১৩ মুক্তিযোদ্ধার বয়স ১৩ এর নিচে বলে তাদের নিয়মিত ভাতা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় তারা রিট করেন, যার পরিপ্রেক্ষিতে গত ২১ মার্চ হাইকোর্ট তাদের নিয়মিত ভাতা প্রদানের নির্দেশ দেন। এ আদেশ এখনো বাস্তবায়ন না হওয়ায় ওই ১৩ ব্যক্তি গত ৪ অক্টোবর আদালত অবমাননার আবেদনটি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট সচিবসহ ওই পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন।