প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা হিসেবে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সীর সনদ বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কোন কর্তৃত্ববলে হাফিজুর রহমান প্রধান প্রকৌশলীর পদে আছেন, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের উপসচিব, গণপূর্তসচিব, প্রধান প্রকৌশলীসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।