মুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবীদের চাকরির বয়সসীমা বাড়াতে সরকারি কর্মচারী (অবসর) (সংশোধন) বিল, ২০১০ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৭ থেকে ৫৯ বছর করা হলো।সংসদ কার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। বিলটি নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব সংসদে কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর বিলটি পাস হয়। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিলটির ওপর জনমত যাচাই ও সংশোধনীর প্রস্তাব দেন।বিলটির উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪-এর ধারা ৪-এর বিধান অনুযায়ী সরকারের অন্যান্য কর্মচারীর মতো মুক্তিযোদ্ধা কর্মচারীরাও ৫৭ বছর বয়সে অবসর নেন। তবে অবসর নেওয়ার আগে ছুটি পাওনা সাপেক্ষে এক বছর পর্যন্ত তাঁরা অবসর প্রস্তুতিমূলক ছুটি ভোগ করতে পারেন। কর্মরত এবং অবসর প্রস্তুতিমূলক ছুটি ভোগরত মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসর নেওয়ার বয়স ৫৯ বছর এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিকে অবসর-উত্তর ছুটি করে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর একটি অধ্যাদেশ জারি হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করার জন্য এ বিল সংসদে উত্থাপন করা হয়েছিল। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা: বিলটি পাসের পর রাতে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় আওয়ামী লীগের এ কে এম রহমতউল্লাহ, শামসুল হক চৌধুরী, আহমেদ নাজমীন সুলতানা, জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী, জিয়াউল হক মৃধা, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ অংশ নেন।