মুক্তিযোদ্ধা সাংবাদিক আবদুল খালেককে সশ্রদ্ধ বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরবিদায় জানাতে এসে প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক আবদুল খালেকের কর্তব্যনিষ্ঠা ও তাঁর সহজ-সরল সদালাপী জীবনযাত্রার কথা স্মরণ করেছেন সহকর্মীরা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জানাজায় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করেন।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, তাঁর দীর্ঘদিনের সহকর্মী বিশিষ্ট সাংবাদিক আবদুল হালিম ও ঘনিষ্ঠ বন্ধু শামসুদ্দিন আহমেদ এবং তাঁর বড় ছেলে খালেদ আল ফেসসানি মরহুমের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
আলোচকেরা বলেন, ১৯৬৮ সালে দৈনিক আজাদ-এ তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে তরুণ সাংবাদিক হিসেবে তিনি খ্যাতিমান হয়ে উঠেছিলেন। পরে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি অধুনালুপ্ত দৈনিক বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক এবং পরে দৈনিক জনকণ্ঠ-এর প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
মরহুমকে নারায়ণগঞ্জের পুরানা বন্দর কাদেরিয়া ভান্ডার সিরাজ শাহর আস্তানায় দাফন করা হয়েছে। এর আগে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার পরে গার্ড অব অনার প্রদান করা হয়।