মুক্তিযোদ্ধা সুফিয়ার চাকরি ফিরে পাওয়ার ‘যুদ্ধ’
দীর্ঘ ১৪ বছর পর আদালতের কাছ থেকে চাকরি ফিরে পাওয়ার রায় পেলেন ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের আওতাধীন চট্টগ্রাম ড্রাইডক হাসপাতালের সেবিকা মুক্তিযোদ্ধা সুফিয়া খাতুন। কিন্তু তত দিনে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এ কথা জানতেই গড়িয়ে গেছে আরও ছয় মাস।খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৪ অক্টোবর উচ্চ আদালতের রায়ে সুফিয়াকে চাকরিতে পুনর্বহাল ও তাঁর বকেয়া বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীকালে শিল্প মন্ত্রণালয় থেকে ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যানকে এ বিষয়টি জানিয়ে এ বছরের ৭ ফেব্রুয়ারি একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠি নিয়ে সুফিয়ার ছেলে মোহাম্মদ সেলিম ক্রমাগত চট্টগ্রাম ড্রাইডক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। কিন্তু আজ-কাল করে তাঁকে বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়রানি করা হয়। সেলিম বলেন, ‘আমি আমার মায়ের শারীরিক অবস্থা ভালো নয় জানানোর পর ড্রাইডকের একজন পদস্থ কর্মকর্তা আমাকে বলেন, “সময় লাগবে। উনি মারা গেলেও তো তিনি তাঁর সব সুবিধা পাবেন, দুশ্চিন্তার কিছু নেই।”’ চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল বাকী প্রথম আলোকে বলেন, ‘শিল্প মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেও এত দিন বিভিন্ন বিষয়ে জটিলতা নিরসন করতে গিয়ে আমাদের সময় লেগেছে। প্রথমত, তাঁর বয়স নিয়ে সমস্যা ছিল। কারণ, তিনি নারায়ণগঞ্জে ড্রাইডকে যোগ দেওয়ার সময় একটি বয়স উল্লেখ করেন। পরে তাঁর বিদ্যালয় সনদে আরেকটি তারিখ পাওয়া যায়। এরপর সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বয়স নির্ধারণ করা হয়। এই অবস্থায় আমাদের বিভাগীয় নিষ্পত্তি (সেটেলমেন্ট) সভায় তাঁর জন্য সুবিধাজনক বিবেচনায় তাঁর প্রত্যাশা অনুযায়ী তিনি নিজে যে বয়স উল্লেখ করেছেন সে হিসাবে গত বছরের ২৪ অক্টোবর ৫৭ বছর হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়। এর পর এক বছর তিনি এলপিআরের সুবিধা পাবেন। এ সুপারিশ আমাদের পরবর্তী বোর্ড মিটিংয়ে অনুমোদন পেলেই সুফিয়া খাতুনকে তাঁর যাবতীয় পাওনা বুঝিয়ে দেওয়া হবে।’ এতে আরও মাস খানেক সময় লাগবে বলে জানা গেছে। কিন্তু সুফিয়া বেগমের আইনজীবীর মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির সুবিধা দিতে বলা হয়। এ প্রসঙ্গে ড্রাইডকের মহাব্যস্থাপক বলেন, সুফিয়া খাতুনের যখন চাকরির মেয়াদ শেষ হয়, তখন মুক্তিযোদ্ধা হিসেবে দুই বছর চাকরির মেয়াদ বাড়ানোর বিধান চালু হয়নি। তা ছাড়া কেউ যদি চাকরির বয়স ৬০ বছরে উন্নীত করার জন্য মামলা করে জয়ী হন, তবে তাঁরাই চাকরির সুবিধা পাবেন। এখানে সুফিয়া খাতুন এ ধরনের কোনো মামলায় জিতে আসেননি। সুফিয়া খাতুন ১৯৭৭ সালে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার অধীনে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড হাসপাতালে সেবিকার চাকরি নেন। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম ড্রাইডক হাসপাতালে বদলি হয়ে আসেন। ১৯৯৭ সালের ১৪ মে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুফিয়া খাতুনকে চাকরি থেকে বরখাস্ত করে ড্রাইডক কর্তৃপক্ষ। সুফিয়া খাতুন আদালতের আশ্রয় নেন। শ্রম আদালত তাঁকে চাকরিতে পুনর্বহালসহ স্টাফ কোয়ার্টারে নির্বিঘ্নে থাকার অনুমতি দেন। কিন্তু ড্রাইডক কর্তৃপক্ষ কোয়ার্টারে থাকার অনুমতি দিলেও চাকরিতে পুনর্বহালের আদেশের বিরুদ্ধে বারবার রিট করতে থাকে। সুফিয়া খাতুন ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরের অধীনে বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পে ঘুরে ঘুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অসুস্থ শরণার্থীদের চিকিৎসাসেবা দিতেন। কিন্তু আজ অর্থাভাবে তাঁর সেবাই ব্যাহত হচ্ছে। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে কিছুদিন আগে। ছেলে মোহাম্মদ সেলিম বলেন, ‘প্রতি মাসে মায়ের চেকআপে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। পাঁচ হাজার টাকার ওষুধ দরকার হয়। ধার-কর্জ করে এসব খরচ চালিয়ে যাচ্ছি। এভাবে কত দিন মাকে সুস্থ রাখা সম্ভব হবে জানি না।’