মুক্তিযোদ্ধা সেজে ভাতা উত্তোলনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সেজে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্থানীয় মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী মেজর বজলুল হুদার (ফাঁসি কার্যকর) ঘনিষ্ঠ সহচর শরীফ উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গত শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে উপজেলা সংসদ কমান্ডার আফতাব উদ্দিন খান লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, বজলুল হুদার সঙ্গে শরীফ উদ্দিন দীর্ঘদিন লিবিয়ায় বসবাস করেছেন। দেশে ফিরে তিনি ফ্রিডম পার্টিতে যোগ দেন। তিনি মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। বর্তমানে মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মহল্লায় বাস করেন। এই দুই জায়গার কোথাও মুক্তিযোদ্ধা ভোটার তালিকায় তাঁর নাম নেই। কিন্তু তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেজে গত ২৪ মার্চ মিরপুর অগ্রণী ব্যাংক শাখা (এসবি ১১৬৯৭ অ্যাকাউন্ট) থেকে তিন মাসের নয় হাজার টাকা উত্তোলন করেছেন। ১৯৯৬ সালে ভুয়া কাগজপত্র ও কর্তৃপক্ষের সই জাল করে খসড়া মুক্তিবার্তায় তিনি নাম লেখান (যার নং-০৪১১০৪০২২৯)। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্থানীয় মুক্তিযোদ্ধারা লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্তে প্রমাণিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার নজরুল করিম, উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার চাঁদ আলী প্রমুখ।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন খান বলেন, ‘বর্তমান চূড়ান্ত মুক্তিবার্তা এবং গেজেটে এমনকি মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকার কোথাও শরীফ উদ্দিনের নাম নেই।’এ ব্যাপারে শরীফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।