মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে মুজিব বাহিনীর (বিএলএফ) সদস্যরা মানববন্ধন করেছেন। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।
গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। আয়োজকেরা বলেন, মানববন্ধনে মুজিব বাহিনীর সদস্য সনদ পাওয়া প্রায় ৫০ জন অংশ নেন। এতে বক্তব্য দেন মুজিব বাহিনীর সদস্য আক্তারুজ্জামান খান, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকার বিএলএফের প্রশিক্ষণ পাওয়া ১ লাখ ২০ হাজার সদস্যকে বীরযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। যুদ্ধের সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের খাবার সংগ্রহ, আহত যোদ্ধাদের উদ্ধার ও অস্ত্র সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন। কিন্তু মুক্তিযোদ্ধার তালিকায় তাঁদের নাম ওঠেনি।
ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নীতিমালা অনুযায়ী তাঁদের অন্তর্ভুক্তির সুযোগ নেই।