মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবিতে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন ১২২ জন ব্যক্তি। তাঁরা দাবি করেন, তাঁরা বাদ পড়া মুক্তিযোদ্ধা। এ-সংক্রান্ত যাবতীয় প্রমাণপত্র তাঁদের কাছে রয়েছে।সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, ৭, ৮ ও ৯ নম্বর সেক্টরের অধীনে তাঁরা যুদ্ধ করেছেন। গত এরশাদ সরকারের আমলে এবং ২০১১ সালে করা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যাচাই প্রতিবেদনে তাঁদের সবার নাম রয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটভুক্ত করা হয়নি। এ সময় মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বিভিন্ন প্রমাণপত্র তাঁরা সাংবাদিকদের দেখান।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্বাধীনতার দীর্ঘসময়ে যারা ক্ষমতায় এসেছে, তারা তাদের মতো করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। অথচ সম্মুখযুদ্ধে অংশ নেওয়ার পরও রাজনৈতিক কারণে দীর্ঘদিনেও তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়নি। বাদ পড়া মুক্তিযোদ্ধাদের অনেকেই এখন ভিক্ষা করেন। কেউ দিনমজুর ও চায়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করছেন। বয়সের ভারে নুয়ে পড়ায় খেয়ে না-খেয়ে দিনাতিপাত করছেন অনেকে। মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার সম্মানটুকু চান তাঁরা।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী সরকার বলেন, ‘আমরা সরাসরি মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়ে আসছি। বাদ পড়াদের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা থাকতে পারে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে যারা হায়ার ট্রেনিংয়ে প্রশিক্ষণ নেয়নি, তারা মুক্তিযোদ্ধা নয়।’