মুক্তিযোদ্ধা হীরামনি স্মরণে শোকসভা
মুক্তিযুদ্ধে চা-শ্রমিকদের যে অবদান, তার উদাহরণ হীরামনি সাঁওতাল। এই বীর নারী নির্যাতিত হয়েছেন দেশের জন্য। তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব।
গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ জেলা সদরে মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে হীরামনি সাঁওতাল স্মরণে শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
চেতনায় একাত্তর, হবিগঞ্জ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক ও জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আফরোজ বখত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেহাম্মদ আলী পাঠান, বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হীরামনির ছেলে গনেশ সাঁওতাল প্রমুখ।
হীরামনি সাঁওতালসহ হবিগঞ্জের ছয় বীর নারী মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ২০০৯ সালের ২৭ মার্চ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেন। তাঁর এ আবেদনের পরিপ্রেক্ষিতে হীরামনি সাঁওতাল, পুষ্প রানি শুক্লাবৈদ্যসহ কয়েকজনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। হীরামনি ৩ মার্চ পরলোক গমন করেন।