মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দৌলতপুর কল্লাপাড়া বাজারে মানিক লাল ভৌমিক (৬০) নামে এক মুক্তিযোদ্ধাকে বিএনপি-জামায়াতের কর্মীরা কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মানিক লাল ভৌমিককে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
মানিক স্থানীয় দৌলতপুর গ্রামের প্রয়াত প্রসন্ন কুমার ভৌমিকের ছেলে এবং সোনাইমুড়ী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি।
হাসপাতালে আহত মানিক লাল ভৌমিকের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সকালে মুক্তিযোদ্ধা মানিক লাল ভৌমিক কল্লাপাড়া বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিএনপি ও জামায়াত-শিবিরের একদল কর্মী অতর্কিতে তাঁর ওপর হামলা চালান। তাঁরা এ সময় ধারালো অস্ত্র দিয়ে মানিক লালকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে চলে যান। এ সময় আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, সকালে পিকেটাররা মানিক লাল ভৌমিকের একটি গাছ কেটে সড়ক অবরোধ করায় তিনি প্রতিবাদ করেছিলেন। হয়তো ওই ঘটনার জের ধরে হামলা হতে পারে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।