মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, ভাই গ্রেপ্তার
গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া এলাকায় গত সোমবার রাতে এক মুক্তিযোদ্ধাকে তাঁর ছোট ভাই কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবদুর রউফ সিকদার (৬০) ৩ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। পুলিশ ছোট ভাই বেলাল উদ্দিন সিকদারকে গ্রেপ্তার করেছে।রউফ সিকদারের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কাউলতিয়ার আবদুর রউফের সঙ্গে জমিজমা ও একটি মাছের খামার নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই বেলালের বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার বিকেলে মাছের খামারের পাশে সালিস বৈঠক হয়। বৈঠক শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন আবদুর রউফ। পথে বেলাল, তাঁর ছেলে নাজির উদ্দিন সিকদারসহ সাত-আটজন ধারালো অস্ত্র দিয়ে রউফকে কুপিয়ে পালিয়ে যান। চিত্কার শুনে এলাকাবাসী ও বাড়ির লোকজন এসে রউফকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে বেলালকে গ্রেপ্তার করে।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহত রউফের পিঠ, হাঁটু ও নাভির নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে নূরে আলম তাঁর চাচা, চাচাতো ভাইসহ সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।