মুক্তিযোদ্ধাকে জুতাপেটার ঘটনায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
রাজধানীর মোহাম্মদপুরে ৬৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ পাইন ও তাঁর স্ত্রী মরিয়ম বেগমকে জুতাপেটার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে ওই থানার মুক্তিযোদ্ধা সংসদ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই স্মারকলিপি দেন মোহাম্মদপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রব এলএমজি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সহিদ বিল্লাহ।
স্মারকলিপিতে তাঁরা অভিযোগ করেন, গত ১৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের শাহজাহান রোডের হাউজিং অফিসে যান আহমেদ পাইন ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম। ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ কাজে আসা বহু মানুষের সামনে স্থানীয় মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজীব ও আদাবর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিটুর নেতৃত্বে বাদশা, বাবুসহ আরও কয়েকজন ওই দম্পতিকে জুতাপেটা করেন। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে মিজানের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।
একই ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় অবরোধ করেন মুক্তিযোদ্ধারা। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপদস্থ করার ঘটনায় তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তি দাবি করেন। পরে পুলিশের অনুরোধে তাঁরা রাস্তা থেকে সরে যান।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান মিজান প্রথম আলোকে বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের আচরণ করতে আমি নির্দেশ দিতে পারি না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ কখনো এ কাজ করতে পারে না। ঘটনার তদন্ত করে যারা দোষী, তাদের শাস্তি দেওয়া হোক।’ তিনি বলেন, ‘আগামীকাল আমাদের মোহাম্মদপুর থানার সম্মেলন আছে, ওই সম্মেলন বানচাল করতেই তারা এ প্রচারণা চালাচ্ছে।’
মুক্তিযোদ্ধা আহমেদ পাইন প্রথম আলোকে বলেন, ‘আমি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ জন্য মিজান সাহেব আমাকে সন্ত্রাসী দিয়ে মেরে অপমান করেছেন।’
স্মারকলিপিতে মুক্তিযোদ্ধা সংসদ আরও অভিযোগ করেছে, হাবিবুর রহমান মিজান স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানকের আস্থাভাজন। নানকের নাম ভাঙিয়ে মোহাম্মদপুর এলাকায় তিনি সবকিছুর নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া তাঁর নামে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির অভিযোগ আছে। এ বিষয়ে হাবিবুর রহমান মিজান বলেন, ‘আমি এর মধ্যে ঘোষণা দিয়েছি, আমাকে আর মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক বানাতে হবে না। তার পরও কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ?’