মুক্তিযোদ্ধা ও তারাকান্দা থানার কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হাসেমকে তারাকান্দা থানা পুলিশ গ্রেপ্তার করে চোখ বেঁধে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার তারাকান্দা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।মুক্তিযোদ্ধার পরিবারের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল হাসেমের সঙ্গে একই (গোপালপুর) গ্রামের রফিকুল ইসলাম ওরফে ভেঙ্গু মুন্সীর জমি নিয়ে পাল্টাপাল্টি মামলা চলে আসছে। প্রতিপক্ষের লোকেরা ৬ ফেব্রুয়ারি রাতে গোপালপুর এলাকায় ওই বিরোধপূর্ণ জমিতে বাড়ি ভাঙচুর ও লুটপাট করছিল। আবুল হাসেম এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন এসআই রাজ্জাকসহ কয়েকজন পুলিশ হামলাকারীদের সঙ্গে রয়েছে। এলাকাবাসী তা দেখে উত্তেজিত হলে পুলিশ সেখান থেকে হামলাকারীদের সঙ্গে নিয়ে সটকে পড়ে।৮ ফেব্রুয়ারি বুধবার রাতে এসআই রাজ্জাক পুলিশি কাজে বাধাদানের অভিযোগে আবুল হাসেমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন।আবুল হাসেমের বড় ছেলে এমদাদুল হক মিন্টু বলেন, প্রতিপক্ষের লোকদের কাছ থেকে দারোগা রাজ্জাক টাকা খেয়ে রাতের বেলা বিরোধপূর্ণ জমিতে দখল করতে সহযোগিতা করছিলেন। তাঁরা এর প্রতিবাদ করায় দারোগা রাজ্জাক প্রতিশোধপরায়ণ হয়ে মিথ্যা মামলা দিয়ে তাঁর বাবাকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন।ফুলপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘সন্ত্রাসীদের নিয়ে পুলিশ রাতের বেলায় জমি দখল ও লুটপাট করতে আসবে আর তা প্রতিবাদ করলে মামলা দিয়ে ধরে নিয়ে নির্যাতন করবে তা হতে পারে না। তাই আমরা আজ শনিবার তারাকান্দায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।’অভিযুক্ত এসআই রাজ্জাক বলেন, তিনি বাদী হয়ে মামলা করেছেন। ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়নি।