সাতক্ষীরা সদর থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আবদুর রশিদ নামের এক মুক্তিযোদ্ধাকে বাড়িতে গিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই মো. রমজান গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আবদুর রশিদের পুত্রবধূ আসমা খাতুন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তাঁদের ১৫ শতক জমিতে তাঁরা বসবাস করেন। কিন্তু কিছুদিন ধরে সদর উপজেলার কুশখালি গ্রামের মুন্না সরদার ওই জমি দখলের পাঁয়তারা করছেন। এর অংশ হিসেবে মুন্না থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ গত শনিবার বিকেলে তাঁর দেবর তরিকুল ইসলামকে আটক করে নিয়ে যায়। সন্ধ্যায় তাঁকে ছেড়েও দেয়। এরপর রাত ১২টার দিকে এসআই রমজান গাজী, মুন্না সরদার ও মিলন হোসেন তাঁদের বাড়ি যান। শ্বশুর আবদুর রশিদসহ পরিবারের লোকজনকে মারধর করেন তাঁরা। বাড়ির আসবাব ভাঙচুর করা হয়। শ্বশুরকে গত রোববার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল বাসার বলেন, আবদুর রশিদের (৭৫) পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
মারধরের অভিযোগ অস্বীকার করে মুন্না সরদার বলেন, তাঁর আট শতক জমি আবদুর রশিদের ছেলে তরিকুল ইসলাম দখলে রেখেছেন। তরিকুল তাঁদের বাড়ি থেকে বের হওয়ার মুখে একটি ফটক তৈরি করেছেন। ১৫ দিন ধরে ওই ফটক বন্ধ করে রাখা হয়েছে। এ কারণে তাঁদের যাতায়াতের অসুবিধা হয়। ফটকটি খোলা রাখার জন্য তিনি থানায় অভিযোগ দেন। এসআই রমজান গাজী এসে ফটকটি খুলে দেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।
এসআই রমজান গাজী বলেন, তিনি মুক্তিযোদ্ধা আবদুর রশিদের বাড়িতে যাননি।
গতকাল বিকেল সাড়ে চারটায় জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, মুক্তিযোদ্ধাকে মারধর করার লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে মৌখিক অভিযোগ পেয়ে এসআই রমজান গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।