মুক্তিযোদ্ধাকে মারধর বাড়িতে অগ্নিসংযোগ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গা গ্রামে নাজমুল হক নামে এক মুক্তিযোদ্ধার বসতবাড়ি গত সোমবার পুড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর স্থানীয় এক কর্মী ও তার সহযোগী সন্ত্রাসীরা। তাদের হামলায় আহত হয়েছেন ওই মুক্তিযোদ্ধা, তাঁর স্ত্রী ও ছেলে। নাজমুল হক ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন।নাজমুল হকের ছেলে আনোয়ার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের জামায়াত কর্মী ইব্রাহিমের সঙ্গে নাজমুলের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত সোমবার দুপুরে ইব্রাহিম, তাঁর ছেলে আশরাফুল, রবিউল, উজ্জলসহ ৪০-৫০ জন লাঠিসোটা, রামদা, কুড়াল নিয়ে নাজমুল হকের বাড়ির কাছে যান। তাঁরা নাজমুলকে বাড়ির সামনে পেয়ে মারধর করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় নাজমুলের ছেলে আনোয়ার ও স্ত্রী ফরিদা বেগম এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে ইব্রাহিম তাঁর ছেলে আশরাফুলকে ঘরে আগুন লাগিয়ে দিতে বললে আশরাফুল নাজমুলের ঘরে আগুন দেন। এতে আটটি ঘর ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।নাজমুল হকের মেয়ে কহিনূর বেগম অভিযোগ করেন, হামলাকারীরা এখন তাঁর পরিবারের লোকজনদের হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ইব্রাহিমসহ অন্যদের পাওয়া যায়নি। পুলিশ সুপার বিএম হারুন অর রশীদ বলেন, ‘হামলাকারীদের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা রয়েছে। নির্যাতিত ব্যক্তিদের দ্রুত মামলা করতে পরামর্শ দিয়েছি। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’ জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম বলেন, ‘ইব্রাহিমের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’