মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থীর এক সমর্থক মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের প্রতিবাদে গতকাল রোববার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে।
আহত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার অপরাধে আওয়ামী লীগের প্রার্থীর প্রায় ২০ থেকে ২৫ জন সমর্থক রাস্তায় ফেলে কাঠের লাঠি ও লোহার রড দিয়ে নির্মম ও নির্দয়ভাবে আমাকে পিটিয়েছে। লাঠি ও রডের আঘাতের যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ি। অভিযুক্তদের শাস্তি চাই।’
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবীর পক্ষে আনোয়ার হোসেন প্রচারণায় নামেন। এ কারণে গত শনিবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ শাহানশাহর নির্দেশে তাঁর সমর্থকেরা আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি গতকাল সকালে থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধাকে মারধরের প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে গতকাল বেলা তিনটার দিকে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের সময় থানা মোড় এলাকায় তাঁরা পুলিশি বাধার মুখে পড়েন।
আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ শাহানশাহ মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মুক্তিযোদ্ধারা নৌকা প্রতীকের বাইরে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করছেন।’