‘ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধাকে মারধরের ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত নই, এরপরও একটি মহল আমাকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।’ গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই।
সাংসদ বলেন, ‘যাঁরা মেরেছেন এবং যাঁরা মার খেয়েছেন, তাঁরা সবাই আমার লোক। যাঁরা মুক্তার আহমেদ মৃধাকে মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার ভিডিও ফুটেজ আছে। হামলায় যাঁরা জড়িত, তাঁদের ছবি প্রকাশ পেয়েছে। কিন্তু একটি মহল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমার সাবেক এপিএস জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আবদুল হাকিম আহম্মেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। তাঁকে আসামি করা হয়েছে শুধু আমার ওপর দোষ চাপানোর জন্য।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম, সহসভাপতি অজিজুর রহমান, আবদুল ওয়াহেদ জোয়ার্দার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা শহরের কবিরপুর এলাকায় একটি ওষুধের দোকানে বসেছিলেন জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধা। একটি দরপত্র নিয়ে সৃষ্ট বিরোধে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এ সময় বাবাকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তাঁর ছেলে গোলাম মুরশিদ মৃধা। বর্তমানে মুক্তার মৃধা ঢাকার মোহাম্মদপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন।