মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে সময়মতো পুলিশ না আসায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল শুক্রবার একজন মুক্তিযোদ্ধাকে দাফন করার আগে রাষ্ট্রীয় মর্যাদা দিতে সময়মতো পুলিশ না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। পরে অবশ্য এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন জানান, পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. ফয়জুর রহমান (৬০) গত বৃহস্পতিবার রাতে মারা যান। শুক্রবার জুমার নামাজের পর ষোলঘর জামে মসজিদে তাঁর জানাজার বিষয়টি প্রশাসনকে জানানো হয়। নিয়ম অনুযায়ী জানাজার আগেই রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার কথা। কিন্তু জুমার নামাজ শেষ হওয়ার পরও পুলিশ আসেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কয়েক দফা যোগাযোগ করার পরও সময়মতো পুলিশ না আসায় এলাকাবাসী জানাজা শেষ করেন। জানাজার পরও এলাকাবাসী পুলিশের জন্য অপেক্ষা করে। কিন্তু এরপরও পুলিশ না আসায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে লাশ কবরস্থানে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে হাজির হয় পুলিশ। কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ফিরে যেতে বলে।সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘আমাদের যে সময় দেওয়া হয়েছিল, তার কয়েক মিনিট পরেই পুলিশ সেখানে যায়। কিন্তু সবাই বিষয়টি না জানায় তাঁরা কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন। পরে অবশ্য মুক্তিযোদ্ধাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।’